আশুলিয়ায় নৌকার নির্বাচনী অফিসে হামলা

সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থীর নির্বাচনী প্রচারণার কার্যালয় ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। 
 
সোমবার দিবাগত রাতে ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ বাইপাইল এলাকায় এ হামলা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
জানা গেছে, রাতের দিকে প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণার জন্য অফিস থেকে বাইরে গেলে ২০-২৫ জনের একটি দুর্বৃত্তের দল হামলা করে এবং চেয়ার টেবিল ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।  
 
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কে বা কারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।