এখনও ছোট আমি, শিখতে চাই : মুস্তাফিজ

 
আইপিএলে লড়াই করেছেন বাঘা বাঘা ব্যাটসম্যানদের বিপক্ষে। সতীর্থ হিসেবেও পেয়েছেন বিশ্বের সেরা কয়েকজন বোলারকে। আর তাদের সঙ্গে পাল্লা দিয়েই দুর্দান্ত এক টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। হায়দ্রাবাদের হয়ে আইপিএলের শিরোপা জিতে সোমবার রাতে ফেরেন তিনি।
 
এত দুর্দান্দ সময় কাটানোর পর দেশি ফিরে মুস্তাফিজ বলেন, আমি এখনও ছোট। আমি এখনও শিখতে চাই। আইপিএলে অনেক দেশের অনেকেই ছিল… চেষ্টা করবো, সামনে আরও সুযোগ এলে আরও ভালো কিছু দেখানোর।
 
শেখার তাড়না সব সময়ই আছে মুস্তাফিজের। পাকিস্তানের পিএসএলে রিভার্স সুইংয়ের কৌশল শিখতে চেয়েছিলেন তিনি। চোটের জন্য সেই টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। আইপিএলে খেলে শাণিয়ে নিয়েছেন অনেক অস্ত্র।
 
সামনে ইংল্যান্ডে নতুন কন্ডিশনে নতুন কিছু শেখার সুযোগ মুস্তাফিজের। কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলার কথা চলছে এখনও। তবে বিষয়টা নিশ্চিত হওয়া যাবে বিসিবির চিকিৎসদের রিপোর্ট পাওয়ার পর। মুস্তাফিজ বলেন, 'ফাইনাল ম্যাচের আগে পায়ে একটু ব্যথা ছিল। আমি কাল ক্রিকেট বোর্ডে যাব। ফিজিওকে দেখাব। বোর্ডে কথা বলবো তারপর জানা যাবে।'
IMG0
বিমানবন্দরে মুস্তাফিজকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। মুস্তাফিজের মামারা এসেছিলেন প্রিয় ভাগ্নেকে নিয়ে যেতে।
 
আইপিএলে হ্যামস্ট্রিংয়ের চোটে একটি ম্যাচ খেলতে পারেননি সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতা মুস্তাফিজ। বাকি ১৬ ম্যাচ খেলে উইকেট ১৭টি। যৌথভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৯০, যা কমপক্ষে ২০ ওভার করা বোলারদের মধ্যে যেটি টুর্নামেন্টে সবচেয়ে কম। বিডি নিউজ।