যশোরে নৌকা প্রতীকের অফিসে বোমা হামলা

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
 
সোমবার রাত নয়টার দিকে ইউনিয়নের শাড়াতলা বাজারের ওই অফিসে এ  বোমার বিস্ফোরণ ঘটে। প্রসঙ্গত,  অফিসটি নৌকা প্রতীকের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে।
 
ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মুঠোফোনে জানান, আওয়ামী লীগের অফিসটি এখন নৌকা প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক বকুলের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদিন রাত নয়টার দিকে কে বা কারা ওই অফিসে বোমা নিক্ষেপ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বিস্ফোরিত বোমার স্পিল্টার জব্দ করা হয়েছে।
 
তিনি আরো বলেন, বোমা বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন সেখানে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই বাবুল আকতার বলেন, দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক ছড়াতেই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি এবং কাউকে সনাক্ত করা যায়নি।
 
নৌকা প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক বকুল আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এই বোমা হামলা করে থাকতে পারে।’ 
এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে তিনি প্রশাসনকে অনুরোধ করেন।