ইনজুরির কারণে স্পেনের ইউরো ২০১৬ দলে হয়তো নাও দেখা যেতে পারে রিয়াল মাদ্রিদের রাইট-ব্যাক ডানি কারভাজালকে। শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইনজুরির কারণে তিনি পুরো ম্যাচে খেলতে পারেননি।
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মিলানের ফাইনালে দ্বিতীয়ার্ধের শুরুতেই কারভাজাল ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ক্লাবের ওয়েবসাইটে এ সম্পর্কে রিয়ালের পক্ষ থেকে বলা হয়েছে, কারভাজালের ডান হ্যামস্ট্রিংয়ে গ্রেড টু ইনজুরি দেখা দিয়েছে। তাকে এখন পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হবে।
যদিও কতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে এ সম্পর্কে রিয়ালের পক্ষ থেকে স্পষ্ঠভাবে কিছু জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে অন্তত তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। সে কারণে ধারণা করা হচ্ছে, ফ্রান্সে এবারের ইউরো মিশনে হয়ত কারভাজালকে মিস করতে যাচ্ছে স্পেন। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্ক তার ২৫ জনের স্কোয়াডে জায়গা দিয়েছিলেন। ব্যাক-আপ হিসেবে দলে থাকা আর্সেনালের হেক্টর বার্লিন হয়ত এই সুযোগে দলে ঢুকতে পারেন।
বুধবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ও ৭ জুন জর্জিয়ার বিপক্ষে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বর্তমান ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন। ১৩ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের ইউরো মিশন শুরু হবে। গ্রুপ-ডি’তে তাদের অপর প্রতিপক্ষ হচ্ছে তুরস্ক ও ক্রোয়েশিয়া।-বাসস।