গাইবান্ধার সুন্দরগঞ্জে রহিমা বেগমকে হত্যার দায়ে তার ছেলে শহিদুল ইসলামকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সুবর্ণদহ পুরসা পাড়া গ্রামের ভাদু শেখের ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৪ সালের ১ জুলাই রাত ১২টার দিকে শহিদুল ইসলাম তার মা রহিমা বেগমকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনার পরের দিন ২ জুলাই জনৈক মুকুল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।