স্ত্রী নির্যাতন : বগুড়ায় একজনের কারাদণ্ড

যৌতুকের দাবিতে বগুড়ায় স্ত্রীকে নির্যাতনের অপরাধে হেলাল উদ্দিন শেখ নামের এক ব্যক্তিকে এক বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
 
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম মমতাজ পারভিন মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন । দণ্ডাদেশপ্রাপ্ত আসামি বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) আশিকুর রহমান সুজন জানান, ২০০৫ সালের ২৪ জানুয়ারি একই ইউনিয়নের পাশের চকনশি গ্রামের ফজর আলী সেখের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে হেলাল উদ্দিন সেখের বিয়ে হয়। বিয়েতে মেয়ের বাবা যৌতুক হিসেবে ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা নগদ দেন। কিন্তু যৌতুকের অবশিষ্ট টাকা না পেয়ে প্রায় স্বামী হেলাল উদ্দিন সেখ স্ত্রীকে মারপিট করাসহ বিভিন্নভাবে নির্যাতন করতো। পরে যৌতুকের টাকা না পেয়ে ফাতেমা খাতুনকে তালাক দেন তার স্বামী।
 
এ ঘটনায় ২০০৫ সালের ২২ মে ফাতেমা খাতুন স্বামী হেলাল উদ্দিন সেখ, শ্বশুর, শাশুরি, মামাসহ ৮ জনকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ জন আসামিকে বাদ দিয়ে স্বামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।  মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত।