টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র গ্রহনের রিট খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর আপিল শুনানির জন্য ১৯ জুলাই দিন ধার্য করে দেয়া হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার মঙ্গলবার এই আদেশ দেন।
গত ১৫ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। আজ আপিলের শুনানির জন্য দিন ধার্যের আবেদন জানায় নির্বাচন কমিশন (ইসি)। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত উপরোক্ত দিন ধার্য করে দেয়। চেম্বার আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রাগীব রউফ চৌধুরী এবং নির্বাচন কমিশনের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহনের নির্দেশনা চেয়ে কাদের সিদ্দিকীর রিট আবেদন গত ৪ ফেব্রুয়ারি খারিজ করে দেয় হাইকোর্ট।