ফের নির্মাণ করা হচ্ছে কাবুলের ‘দারুল আমান’

আফগানিস্তানের রাজধানী কাবুলের ঐতিহাসিক রাজপ্রাসাদ ‘দারুল আমান’ যুদ্ধের কারণে যা প্রায় ধ্বংস হয়ে গেছে তা পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। খবর বিবিসির।
 
১৯২০ সালে নির্মিত আফগানিস্তানের রাজার এই সাবেক প্রাসাদটি একটি পাহাড়ের ওপর অবস্থিত। কাবুল শহরের অনেক জায়গা থেকেই এই প্রাসাদটি দেখা যায়। ব্রিটিশদের বিতাড়িত করে আফগানিস্তানের পূর্ণ স্বাধীনতা অর্জনের পর রাজা আমানুল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করিয়েছিলেন।
 
পরে এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল দারুল আমান প্রাসাদ। ১৯৭০ এবং ৮০-র দশকে এটি সংস্কার করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দফতর হিসেবে ব্যবহার করা হয়। যুদ্ধ শুরু হবার পর এখানে মিলিশিয়ারা ঘাঁটি গাড়ে এবং তখন এর ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়।
IMG0
২০১২ সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণের জন্য তহবিল সংগ্রহ শুরু হয়। ধারণা করা হচ্ছে, এর জন্য প্রায় ২ কোটি ডলার পর্যন্ত লাগতে পারে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি এর পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।
 
বিবিসির আফগান বিভাগের ওয়াহিদ মাসুদ বলছেন, আফগান সরকার যে নিজ অর্থে এই কাজটি করছে - এর একটা বড় প্রতীকী অর্থ আছে। এটা শুধু যে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষারই প্রতীক-তাই নয়, যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্নির্মাণ প্রয়াসেরও প্রতীক।
 
উল্লেখ্য, আফগানিস্তানের উন্নয়ন প্রকল্পগুলোর বেশিরভাগই বিদেশি অর্থে পরিচালিত হচ্ছে।