রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

রাজশাহীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী মাসুদুর রহমানকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মাসুদুর রহমান পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি কারাগারে রয়েছেন। এ ছাড়া মামলার আরেক আসামিকে আদালত খালাস দিয়েছে।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, ২০১০ সালের ১০ জানুয়ারি ঠাকুরগাঁও সদর থানার খোচাবাড়ী এলাকায় আলুর ক্ষেতে মাসুদুর রহমানের স্ত্রী জোহরা খানমের (২৫) লাশ পাওয়া যায়। ওই দিন থানার এসআই বিশ্বনাথ দাস গুপ্ত বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে মাসুদুর রহমান ও তার সহকর্মী নাজমুন নাহার শিলাকে (২৯) আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জোহরা খানম রোজি মাদারীপুরের কালকিনি আবুল হোসেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০০৭ সালে রোজির সঙ্গে মাসুদুরের বিয়ে হয়। বিয়ের পর রোজি জানতে পারেন মাসুদুরের সঙ্গে শিলা নামে এক সহকর্মীর পরকীয়া রয়েছে। তখন মাসুদুর ও শিলা ঠাকুরগাঁওয়ে চাকরি করতেন। পরীক্ষার ফরম পূরণের টাকা আনতে ঠাকুরগাঁওয়ে মাসুদুর রহমানের কাছে যাওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন রোজি।