ইউরোর চূড়ান্ত জার্মান দলে নেই রেউস

ইউরোর জার্মানি দলে জায়গা হয়নি মার্কো রেউসের। তবে ফ্রান্সে হতে যাওয়া এই টুর্নামেন্টের দলে আছেন ইনজুরিগ্রস্ত বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও ম্যাটস হামেলস।
 
ইনজুরির কারণে ২০১৪ সালের বিশ্বকাপ খেলতে না পারা বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড ২৭ বছর বয়সী রেউস এখন ভুগছেন কুঁচকির সমস্যায়। মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে কোচ জোয়াকিম লো বলেন, রেউস এখন কেবল সোজা দৌড়াতে পারে। অনুশীলনে সে এর বেশি কিছু করতে পারেনি। সে (ইউরোর আগে) পুরো সেরে উঠবে কিনা এ বিষয়ে মেডিক্যাল স্টাফদের সন্দেহ আছে।
 
১৭ মেতে ঘোষণা করা ২৭ জনের প্রাথমিক দল থেকে এ ছাড়াও বাদ পড়েন বায়ার লেভারকুজেনের মাঝমাঠের জুটি করিম বেলারাবি ও ইউলিয়ান ব্রান্ট। চূড়ান্ত দলে জায়গা হয়নি হফেনহেইমের জেবাস্টিয়ান রুডিরও। তবে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা থাকার পরও লো অধিনায়ক শোয়াইনস্টাইগার ও ডিফেন্ডার হামেলসকে দলে রাখেন।  অনেক দিন ধরে ডান হাঁটুর লিগামেন্টের সমস্যায় ভুগলেও টুর্নামেন্ট শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার ইউনাইটেডের ৩১ বছর বয়সী মিডফিল্ডার শোয়াইনস্টাইগার।
 
বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে গত ২১ মে জার্মান কাপের ফাইনালে খেলার সময় পায়ের পেছনের পেশিতে চোট পান ২৭ বছর বয়সী হামেলস। ফ্রান্সে আগামী ১০ জুন থেকে শুরু হবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি তাদের অভিযান শুরু করবে ১২ জুন। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড।
 
জার্মানি দল:
 
গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (বায়ার লেভারকুজেন), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা)।
 
ডিফেন্ডার: জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এমরে কান (লিভারপুল), ইয়োনাস হেক্টর (কোলন), বেনেডিক্ট হুভেডেস (শালকে), মাটস হামেলস (বরুসিয়া ডর্টমুন্ড), স্কোড্রান মুস্তাফি (ভ্যালেন্সিয়া), আন্টোনিও রুডিগার (রোমা)।
 
মিডফিল্ডার: মারিও গোটজে (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), সামি খেদিরা (জুভেন্টাস), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জুলিয়ান ড্রাক্সলার (ভলফ্সবুর্গ), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (ম্যানচেস্টার ইউনাইটেড), ইউলিয়ান ভাইগেল (বরুসিয়া ডর্টমুন্ড)।  
 
ফরোয়ার্ড: টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), আন্ড্রে শুরলে (ভলফ্সবুর্গ), লুকাস পোডলস্কি (গালাতাসারে), মারিও গোমেজ (বেসিকতাস), লেরয় সানে (শালকে)।