ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ওয়ান্ডারার্সকে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৯-৩ গোলে হারায় আবাহনী। মোহাম্মদ ইরফান তিনটি ও শাকিল আব্বাসি দুটি গোল করেন। রুম্মান সরকার, শাফকাত রসুল, তাওসিক আরশাদ ও মাকসুদ আলম হাবুল বাকি চার গোলদাতা।
ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান আছে দলটি।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে রুম্মানের গোলে এগিয়ে যাওয়া আবাহনী দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে শাফকাতের হাত ধরে। অষ্টাদশ মিনিটে খলিলুর রহমান গোলরক্ষক অসীম গোপকে পরাস্ত করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ওয়ান্ডারার্স। কিন্তু শাকিলের দুটি ও আরশাদের এক গোলে স্কোরলাইন ৫-১ করে নেয় আবাহনী।
৪৮তম মিনিটে জাসবিন্দর সিং ওয়ান্ডরার্সকে দ্বিতীয় গোল এনে দেন। এ গোলের পর আবারও টানা গোল হজম করে দলটি। হাবলু একটি ও ইরফান দুটি গোল করেন। শেষ দিকে ওয়ান্ডারার্সের জাগজিৎ ও আবাহনীর ইরফান লক্ষ্যভেদ করলে ৯-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুব হারুনের শিষ্যরা।
ছয় লিগ ম্যাচে এটি ওয়ান্ডারার্সের দ্বিতীয় হার। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট দলটি। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে গত লিগে আবাহনীর সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া ঊষা ক্রীড়া চক্র।