দক্ষিণখানে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

 
রাজধানীর ঢাকায় দক্ষিণখান থানা এলাকায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আব্দুল বারেক সরকার (৪০) নামে ওই ব্যক্তিকে কারা, কী কারণে হত্যা করেছে, তা তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
 
ওই ব্যক্তি নিজের জায়গায় বেশ কয়েকটি ঘর তুলে ভাড়া দিয়েছেন। ভাড়ার টাকা আর জমির ব্যবসা করেই তার দিন চলত।
 
দক্ষিণখানের মধুবাগ এলাকায় মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে বারেককে হত্যা করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার নুরে আলম জানান।
 
তিনি বলেন, ‘মধুবাগ নিপা গার্মেন্টেসের পেছনে ১৩৬/এ নম্বর টিনশেড বাসায় বারেক খুন হন। এ সময় বাসায় কেউ ছিল না। তিনি দুপুরে ভাত খেয়ে বিছানায় শুয়ে টিভি দেখছিলেন।’
 

দক্ষিণখান থানার ওসি লুত্ফর রহমান বলেন, “কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তার জানা যায়নি। কাউকে গ্রেফতারও করা সম্ভব হয়নি।”