রাজশাহীর দুর্গাপুরে মুরগি মরাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অফিয়া বেগম (৬০) ধরমপুর চকপাড়ার মৃত কিতু মুন্নার স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রতিবেশী মকসেদ আলীর স্ত্রী আছিয়া বেগম তার নিজ ঘরে একটি মুরগি মৃত অবস্থায় দেখতে পেয়ে অফিয়া বেগমকে গালিগালাজ শুরু করেন। গালি শুনেও কোন প্রতিবাদ করেননি অফিয়া বেগম। পরে অফিয়া বেগম মাঠ থেকে গরু আনতে গেলে আছিয়া বেগম ও তার দুই ছেলে অফিয়া বেগমকে মারধর করে। চিৎকার শুনে তার ছেলে সোবাহান ও পুত্রবধূ মিনা বেগম এগিয়ে আসলে তাদের মারপিট করা হয়। মারপিটের এক পর্যায়ে অফিয়া বেগম মারা যান।
দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়েছে।