বিদেশে বাংলাদেশীদের কর্মসংস্থানের আশানুরূপ হারে বাড়ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন চলতি বছর এ পর্যন্ত ৩ লাখ ৩ হাজার ২৮৪ জন বাংলাদেশী চাকরি নিয়ে বিদেশে গেছে। আশা করা হচ্ছে বছরের অবশিষ্ট সময়ে আরও অধিক সংখ্যক দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশী কর্মী চাকরি নিয়ে বিদেশে যাবেন।
বর্তমান সরকারের আমলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছরের ২৯ মে পর্যন্ত চাকরি নিয়ে বিদেশে যাওয়া ৩ লাখ ৩ হাজার ২৮৪ বাংলাদেশী প্রায় ৪ হাজার ৭৬৯ দশমিক ৮৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে।
একই সূত্র থেকে আরও সূত্র জানা যায়, ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ বাংলাদেশী চাকরি নিয়ে বিদেশে গেছে এবং ১৫ হাজার ২৭০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে।
সরকার বৈদেশিক কর্মসংস্থান খাতকে জরুরি গুরুত্বপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ থেকে ১৯৭৬ থেকে ২৯ মে ২০১৬ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ১ হাজার ৯৭১জন কর্মি চাকরি নিয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে 'সরকার থেকে সরকার (জি-টু-জি) চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ বিষয়ে তাদের আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে।
বর্তমান সরকার জনশক্তি রপ্তানির পুরনো গন্তব্যগুলোর পাশাপাশি নতুন ক্ষেত্র সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বিদেশে চাকরির জন্য যেতে ইচ্ছুকদের যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, পাশাপাশি অভিবাসন ব্যয় কমিয়ে আনার জন্যও চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার ইতিমধ্যে ৪৭টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ৪টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এছাড়াও দেশের চারশ'টি উপজেলায় ভোকেশনাল সেন্টার স্থাপন করার লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে।