বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল 'মাস্টার বাহিনীর' মতো সুন্দরবনের অন্য দস্যুদেরও আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
 
তিনি মঙ্গলবার বিকেলে মংলায় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু মাস্টার বাহিনীর প্রধানসহ এ বাহিনীর মোট দশ জন দস্যুর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
 
মংলা বন্দরের বিএফডিসি জেটিতে আয়োজিত এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ৫২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলিসহ দস্যুরা আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদেরকে মংলা থানায় সোপর্দ করা হয়।
 
দস্যুদের উদ্দেশে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'বনদস্যুরা আত্মপোলব্ধি থেকেই আত্মসমর্পণ করেছে। বনে দস্যুবৃত্তি যে ভুল ছিল তা মাস্টার বাহিনী বুঝতে পেরেছে। তাই তারা স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে।'
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালরা যাতে নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এজন্য তাদের বহরে চারটি আধুনিক জাহাজ আনা হয়েছে, জনবলও বাড়ানো হচ্ছে।'
 
সুন্দরবন পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এ কথা উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'সুন্দরবনকে সুরক্ষিত করতে যা-যা করা দরকার তার সবই করা হবে। দস্যুরা যদি ভয়ঙ্কর পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাহলে সরকার তাদের সব ধরনের আইনি সহায়তা দেবে।' আর তারা যদি বনে দস্যুবৃত্তি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হাতে দমন করার ব্যবস্থা নেবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি জানান।