আমেরিকানদের ইউরোপ ভ্রমণে সতর্কতা জারি

 
চলতি বছরের গ্রীষ্মে আমেরিকান নাগরিকদের ইউরোপ ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
 
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েয়ে, পররাষ্ট্র দফতরের এই সতর্ক বার্তায় কোন সুনির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করা হয়নি। তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই জারি করা হয়েছে এই সতর্কতা।
 
বলা হচ্ছে, ইউরোপে অধিক সংখ্যক আমেরিকানের উপস্থিতির অর্থই হচ্ছে সন্ত্রাসীদের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনার জন্য তারা বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
 
সতর্কবার্তায় কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। এর মধ্যে বিশেষ করে প্যারিসে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা বলা রয়েছে। যদিও এই টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে জরুরী অবস্থা জারি করা থাকবে বলে দেশটির সরকার বলছে।
 
এছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পরপর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে’কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র।
 
মার্কিন পররাষ্ট্র দফতর প্রায় নিয়মিতভাবেই বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি বিরল ঘটনা। গত ২০ বছরে এই নিয়ে তিনবার মার্কিনীরা ইউরোপ সফরের উপর সতর্কতা জারি করেছে। দ্বিতীয় সতর্কতাটি জারি করা হয় গত নভেম্বর মাসে প্যারিস হামলার পরে।