হোয়াটমোরকে বরখাস্ত করল জিম্বাবুয়ে

 
জিম্বাবুয়ে ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা পর্যালোচনা শেষে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে ডেভ হোয়াটমোরকে। সেই সঙ্গে অধিনায়ক পদ থেকে হ্যামিল্টন মাসাকাদজাকে অব্যহতি দিয়ে অন্তবর্তীকালীন নতুন অধিনায়ক করা হয়েছে লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে।
 
এ ছাড়াও পরিবর্তন আনা হয়েছে নির্বাচক কমিটিতে। সেখানে স্থান করে নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার টাটেন্ডা টাইবু। কমিটির আহ্বায়ক করা হয়েছে তাকে।
 
এদিকে ভারত সিরিজে দেশটি নতুন কোচ নিয়োগ দেয়ার আগ পর্যন্ত মূল কোচের কাজ চালাবেন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকান গ্রেট মাখায়া এনটিনি। তার সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।
 
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আরো পরিবর্তন এনেছে নির্বাচক কমিটিতে। সেখানে থাকছেন কোচ ও সহকারী কোচ। এ ছাড়া ডেভেলপমেন্ট ও হাই পারফরম্যান্স প্রোগ্রাম নিয়েও কাজ করবেন কমিটির আহ্বায়ক টাইবু। নানা কারণে দেশ ছেড়ে যাওয়া সাবেক ক্রিকেটারদের ফিরিয়ে আনার দায়িত্বও তাকে দিয়েছে বোর্ড।
 
উল্লেখ্য, ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই পরিবর্তন করে।আগামী ১১ জুন শুরু হওয়া সফরে ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।