গোদাগাড়ীতে দুই ট্রাকসহ ভেঙ্গে পড়লো বেইলি ব্রিজ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকপুর এলাকার বেইলি ব্রিজটি দুইটি সিমেন্টবাহী ট্রাকের ওজন বইতে না পরে ভেঙে পড়েছে।
 
বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানায়, উপজেলাধীন বিজয়নগর-মাটিকাটা বাইপাস সংযোগ সড়কের হরিশংকপুর এলাকায় অবস্থিত লোহার এই ব্রিজটি বেশ কয়েক বছর আগে থেকেই মেরামতের পর্যায়ে ছিল। তাই সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক যান চলাচল নিষেধ’ লেখা সম্বলিত দুটি সাইনবোর্ড লাগানো ছিল। তবে দেখভালের কোনো লোক না থাকায় হরহামেশাই ব্রিজটির উপর দিয়ে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল করতো। বুধবার ভোরে হঠাৎ দুটি ট্রাক নিয়ে ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা একটি ট্রাকের ভেতর থেকে আহত চালক-হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলী বলেন, ঘটনার পর বিজয়নগর-মাটিকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথ হিসেবে যানবাহনগুলো ধসে পড়া বেইলি ব্রিজের অদূরের একটি গ্রাম্য সড়ক দিয়ে চলাচল শুরু করে।
 
সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, নতুন ব্রিজ নির্মাণের জন্য কয়েকদিন আগেই জাইকার একটি প্রতিনিধিদল পরিদর্শনে এসেছিলেন। চলতি বছরের মধ্যেই সেখানে নতুন করে স্থায়ী ব্রিজ নির্মাণের কথা রয়েছে।