রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। বুধবার ভোরে মালয়েশিয়া থেকে আগত ৪ যাত্রীর কাছ থেকে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটগুলো বেনসন, গুদাম গারাম ও মালবোরো ব্র্যান্ডের।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, আটক চার যাত্রী হলেন আবু বকর, সোহেল পাটোয়ারি, ফয়েজ আহমেদ ও শাহ আলম। তারা আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে। দেশে আসার পর সিগারেটের চালানটি বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় লুকিয়ে রাখার চেষ্টা করছিল। এ সময় শুল্ক কর্মকর্তারা এই চারজনকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া চারজন জানান, মালয়েশিয়ায় তারা শ্রমিক হিসেবে চাকরি করত। কিন্তু চাকরির চেয়ে পণ্য পাচারে লাভ বেশি। এ জন্য তারা চাকরি ছেড়ে চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ে। তারা প্রায়ই বাংলাদেশ থেকে বিদেশে যাতায়াত করত। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।