দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন স্থাপন ও সংযোগ দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, ২০১৪ সালে ১৬ এপ্রিল বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের মাহেরপুর নাপিত পাড়া ও নারইল ভুষাপুকুর এলাকার প্রায় ১৪০ জন ব্যক্তির কাছ থেকে বিদ্যুতের লাইন স্থাপন ও সংযোগ দেয়ার নাম করে একই এলাকার বাসিন্দা পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার বৈরচুনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অতুল চন্দ্র রায় প্রায় এক লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে তা আত্মসাত করে।
এলাকাবাসী তার কাছে বিদ্যুৎ সংযোগের দাবি জানালে নানা তালবাহানা করে বছরের পর বছর তিনি কালক্ষেপণ করছেন। এ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাহেরপুরের বিজয়, দিনোবন্ধু, ননি চন্দ্র রায়, রাজেশ্বর, তপন, ফটিক ও নারইল ভুষাপুকুর গ্রামের লক্ষন চন্দ্র রায়, মাধব চন্দ্র রায়, ও তুলসি মাস্টার।
তারা শিক্ষক অতুল চন্দ্র রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।