সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে গ্রেফতার ২

সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
বুধবার সকালে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জলিল হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩৫) ও একই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩০)।
 
সুন্দরবনে আগুনের দেয়ার ঘটনায় বনবিভাগের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুম । এই নিয়ে সুন্দরবনে আগুন দেয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সাতজনকে গ্রেফতার করল। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনে আগুন দেয়ার কথা স্বীকার করেছে।
 
র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় এক মাসে চার দফা আগুন লাগে। বনের এই আগুনের জন্য বনবিভাগ স্থানীয় অপরাধীদের দায়ী করে শরণখোলা থানায় দুটি ও আদালতে একটি মামলা করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি মাসুম হাওলাদার ও সন্দেহভাজন আসামি ইব্রাহিম হাওলাদার ভারতে পালিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়।