'মুক্তিযোদ্ধার সন্তানদের মেধা বিকাশে প্রশিক্ষণ দেয়া জরুরি'

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 'বিভিন্ন পেশায় নিয়োজিত মুক্তিযোদ্ধা সন্তানদের মেধা আরো বিকশিত ও তাদেরকে দক্ষ করার জন্য সাধনা সংসদ যে ব্যবস্থা নিয়েছে তা প্রশংসনীয়।'
 
মন্ত্রী বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে সাধনা সংসদের উদ্যোগে আয়োজিত 'শিক্ষা প্রশিক্ষণ ও আত্ম কর্মস্থান' প্রকল্পে উদ্বুদ্ধকরণে 'মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি আমাদের করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
এতে সভাপতিত্ব করেন ঢাকার প্রিমিয়ার কলেজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মমতাজ খানম। মূল বক্তব্য উপস্থাপন করেন 'স্বল্প সময়ে অধিক শিক্ষা ও প্রশিক্ষণ অর্জন পদ্ধতি' শীর্ষক গ্রন্থের লেখক ও উদ্ভাবক এবং সাধনা সংসদের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ভূইঁয়া।
 
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, 'তাদের মেধা বিকশিত করার জন্য প্রশিক্ষণ দেয়া জরুরি। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ধারাবাহিক আন্দোলনের ইতিহাস জানাতে হবে।'