ডিপিএলে সিসিএসকে হারিয়ে কলাবাগান একাডেমির জয়

ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলকে পাঁচ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
 
 
এদিন সিসিএসের দেয়া ১৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে  ২৬.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হওয়ায় ৪৯ ওভারে ১৮৪ রানের নতুন লক্ষ্যমাত্রা পায় দলটি।
 
ভারতীয় ব্যাটসম্যান জতিন সাক্সেনার ৮৭ ও মাহমুদুল হাসানের ৪৬ রানের ইনিংসে ভর করে ৪০.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলাবাগান ক্রিকেট একাডেমি।
 
তৃতীয় উইকেটে সাক্সেনা ও মাহমুদুল ১০৯ রানের জুটি গড়ে জয়ের দিকে নিয়ে যান দলকে। তাপস ঘোষ ১৬ ও নুরুজ্জামান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।  
সিসিএসের পক্ষে নাসুম আহমেদ ও সালেহ আহমেদ শাওন নেন দুটি করে উইকেট। মোহাম্মদ সাইফুদ্দিন নেন একটি উইকেট।
 
এর  আগে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে সিসিএস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অমিত মজুমদার। ইনজুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন ২৮ ও আশরাফুন নবী করেন ২৭ রান।