টিসিবির ট্রাকের সামনে ক্রেতাদের ভিড়

 

রমজানকে সামনে রেখে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে ছোলা, চিনি, মসুর ডাল ও রসুনের দাম বেড়েছে সব থেকে বেশী। এ তালিকায় বুধবার নতুন করে যুক্ত হয়েছে আদা। সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র হিসেবে মানভেদে প্রতি কেজি আদায় দাম বেড়েছে ১০ টাকা। বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়।
 
এদিকে বাজার নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করলেও বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়ছে না। তবে বাজারের তুলনায় কম দামে ছোলা, চিনি, মসুর ডাল, ভোজ্যতেল ও খেজুর কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড় বাড়ছে ক্রেতাদের। অনেক জায়গায় দীর্ঘ লাইন ধরে পণ্য কিনতে দেখা গেছে তাদের। তবে চাহিদামতো পণ্য পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ করেছেন ক্রেতারা।
 
সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর রমজান উপলক্ষে টিসিবি খোলাবাজারে বিভিন্ন পণ্য বিক্রি করলেও এবার বাজারে সেসব পণ্যের দাম বেশী হওয়ায় টিসিবির পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশী। এছাড়া এবার টিসিবির পন্য তুলনামূলক মানেও ভালো।
 
গত ২৯ মে থেকে রাজধানীসহ সারাদেশে ১৭৯টি ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। পুরো রমজান জুড়ে এ পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। দেশি চিনি, ছোলা, মসুর ডাল, সয়াবিন তেল ও খেজুর এই ৫টি পণ্য বিক্রি করা হচ্ছে।
 

উল্লেখ্য, রাজধানীতে প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তানবাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, নিউমার্কেট/নীলক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউন হল ও ঝিগাতলা কাঁচাবাজার, শান্তিনগরবাজার, মালিবাগ বাজার, খিলগাঁও বাজার, বাসাবো বাজার, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, রামপুরা বাজার, নতুন বাজার, বাড্ডা, বনশ্রী/মেরাদিয়া বাজার, মাদারটেক/নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বক চত্তর, দিলকুশা, বাংলাদেশ ব্যাংক/শাপলা চত্ত্বর, সায়েদাবাদ/যাত্রাবাড়ি/ডেমরা, গেন্ডারিয়া বাজার, খামারবাড়ি, কলমিলতা বাজার, মহাখালী কাঁচাবাজার/সাততলা মসজিদের সামনে, শ্যামলী কল্যাণপুর ওভারব্রীজ, শেওরাপাড়া, মিরপুর ১ নং মাজার রোড ও গাবতলী, মিরপুর ১০ গোলচত্ত্বর, কালশি বাজার মোড়/দুয়ারিপাড়া, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত ও হাজীক্যাম্প/বিমানবন্দর এলাকায় টিসিসির পণ্য বিক্রি করা হচ্ছে।