ভারতের বিহারের রুবি রায় নামের এক শিক্ষার্থীকে টেলিভিশন ক্যামেরার সামনে জিজ্ঞাসা করা হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানে কি শেখানো হয়? দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগ থেকে ১৭ বছর বয়সী এই শীর্ষ রেজাল্টধারী ছাত্রীর উত্তর, রাষ্ট্র বিজ্ঞানে রান্না শেখানো হয়। বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ গ্রেড নিয়ে পাশ করা রুবির নিচের ক্লাশের এক ছাত্র পানি ও H2O এর মধ্যে সম্পর্কের কথা বলতে পারেনি।
পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে বিহারের ১৫ লাখ শিক্ষার্থীর মধ্যে শীর্ষ রেজাল্ট করেছে এরা।
IMG0
গত সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশের পর স্থানীয় একটি টিভি চ্যানেল শীর্ষ রেজাল্টধারীদের সাক্ষাতকারে বিষয়টি প্রথম ধরা পড়ে। তাদের জ্ঞানের এই দৈন্যদশার কথা জানাজানি হওয়ার পর আগামী এক সপ্তাহের মধ্যে শীর্ষ ১০ জনের আবার পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাজ্যের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী বলছেন, হয় অন্য কেউ তাদের হয়ে পরীক্ষা দিয়েছে অথবা পরীক্ষার পর খাতা পাল্টে ফেলে এই ফল করা হয়েছে।
পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছিল বিহার। সূত্র: এনডিটিভি