ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক একদিন টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন বলে মনে করছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। শ্রীলংকার বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজে ডারহাম টেস্টে সোমবার ১০ হাজার রান পূর্ণ করেন ইংল্যান্ড অধিনায়ক।
এ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়ে ২-০ ব্যবধানে ইতোমধ্যেই এগিয়ে গেছে ইংলিশরা। ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন এ ওপেনার। পাশাপাশি টেন্ডুলকারের চেয়ে পাঁচ মাসেরও বেশি কম বয়সে ৩১ বছর ১৫৭ দিনে অর্থাৎ সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান পূর্ণ করেন কুক। বর্তমানে কুক (১২৮ টেস্টে ১০.০৪২ রান) টেন্ডুলকারের চেয়ে ৫,৮৭৯ রানে পিছিয়ে আছেন এবং টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী গাভাস্কারের বিশ্বাস ইংল্যান্ড অধিনায়ক তার লক্ষ্য অতিক্রম করতে পারেন।
নয়াদিল্লী টেলিভিশনকে গাভাস্কার বলেন, টেস্ট ক্রিকেটে কুক টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গতে পারেন। তাঁর বয়স আছে ইংল্যান্ড অনেক বেশি টেস্ট খেলে। তিনি আরো বলেন, প্রতি বছর ইংল্যান্ড যে সংখ্যক টেস্ট খেলে এবং কুক যদি ফিট থাকে ও আগামী সাত বছর তাঁর ফর্ম ধরে রাখতে পারে তাহলে তিনি টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন।
টেস্ট প্লেয়িং দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ইংল্যান্ড এবং আগামী মাসগুলোতে নিজের রান সংখ্যা আরো বাড়ানোর সুযোগ পাবেন কুক। পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের সিরিজের আগে আগামী সপ্তাহে লর্ডসে শ্রীলংকার বিপক্ষে আরো একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। কুকের দল এরপর বাংলাদেশ ও ভারত সফরে মোট সাতটি টেস্ট খেলবে। এএফপি।