ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানবিক মূল্যবোধে জাগ্রত হওয়ার জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'মানব সভ্যতার উন্নয়নে তাদের নিরলসভাবে কাজ করতে হবে।'
পৃথিবীর বিবর্তনের সঙ্গে মানবিক মূল্যবোধের সূচক নিচে নেমে গেছে কি-না- শিক্ষার্থীদের প্রতি এ প্রশ্ন রেখে তিনি বলেন, '১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের ১০ মিলিয়ন শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। অথচ ইউরোপের দেশগুলো মাত্র ১ মিলিয়ন শরণার্থীকে এখন আশ্রয় দিতে পারছেনা।'
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাউর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের স্নাতক সম্মান ও মাস্টার্স পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ৩ জন মেধাবী শিক্ষার্থীকে 'এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক' প্রদান করা হয়েছে।
স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন - মো: মিজানুর রহমান (স্নাতক সম্মান), তানজিনা আক্তার তানিয়া (এমএস) এবং নাজমুল হক (এমএস)। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।