আদালতের পথে খালেদা জিয়া

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মামলা দুটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে।
 
এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে দলের সিনিয়র নেতা ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে উপস্থিত রয়েছে।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।
 
বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে। অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরার দিন ধার্য রয়েছে।