ময়মনসিংহে মুক্তাগাছায় ৫ নম্বর বাঁশাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক এমদাদ হামলার শিকার হয়েছেন।
বুধবার রাতে ঐ ইউনিয়নের কৃঞ্চনগর মোড়ে এঘটনা ঘটে। হামলাকারীরা ঐ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, এমদাদ পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরোধীতা করে বিএনপি প্রার্থীর সঙ্গে গোপন আঁতাত করে। এরই জের ধরে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাকে দিগম্বর করে এবং লাঠির আঘাতে মাথা ফাটিয়ে দেয় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকালে ফিরাতে গেলে এমদাদের ভাতিজা রুবেল এবং বোরহান উদ্দিন নামে আরও ২জন হামলার শিকার হয়েছেন ।
ঐ ইউনিয়নের বিক্ষুদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, এমদাদের বিরোধীতার কারণে সামান্য ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী উজ্জল চন্দ বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান আজ বৃহস্পতিবার জানান, এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।