ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এরা হলেন, মুক্তাগাছা উপজেলার পাইকা শিমুলগ্রামের আয়ুব আলীর ছেলে ট্রাকের হেলপার জাকির হোসেন (২৮), ত্রিশাল উপজেলার ইয়াসিন আলীর ছেলে লাল মিয়া (৩৫) ও নুরুল ইসলামের ছেলে মুস্তাফিজ (৩০)।
 
বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি স্থানে ট্রাক দাঁড় করিয়ে এর নিচে অবস্থান নিয়ে হেলপার জাকির মেরামত কাজ করছিলেন। এ সময় ময়মনসিংহগামী অপর একটি ট্রাক ওই ট্রাকটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
অপরদিকে সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক উপজেলার রাগামারা স্থানে ওই মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাল মিয়া ও মুস্তাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।