আত্মপক্ষ সমর্থন পেছাতে খালেদা জিয়ার আবেদন

 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পেছাতে আদালতে আবেদন জানিয়েছেন মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ আবেদনের শুনানি চলছে।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে পৌঁছান। এরপর তিনি আত্মপক্ষ সমর্থন পেছাতে আবেদন জানান।
 
গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়। খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সেদিন আবারো সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ঠিক করে দিয়ে ওই দিন খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন। নতুবা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও আদালত জানান।
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।