সাতক্ষীরার ভাদড়া সীমান্তে ফেন্সিডিল-ভর্তি পিকাপ জব্দ, আটক ২

সাতক্ষীরার ভাদড়া সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ পিকাপ-ভর্তি দেড় হাজার বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই চোরাচালানীকে আটক করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোরে জেলা সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, শহরের রসুলপুর এলাকার মেহেদী হাসান বাপ্পি (২৮) ও সদর উপজেলার বৈকারি গ্রামের শরিফুল ইসলাম (২০)।
 
পুলিশ জানায়, ফেন্সিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা পিকাপভর্তি ফেন্সিডিল নিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করা হয়। একপর্যায়ে সীমান্তের ভাদড়া মোড় থেকে ফেন্সিডিল-ভর্তি পিকাপ-ভ্যানটি জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।