কোনো মাংসই ছিল না আখলাকের বাড়িতে!

 
ঘরের ফ্রিজে গরুর মাংস রাখা আছে এমন দাবি তুলে ভারতের দাদ্রিতে পিটিয়ে হত্যা করা হয় মোহাম্মদ আখলাক হোসেনকে। অথচ এখন পুলিশ বলছে, তার বাড়িতে সেদিন ছিল না কোন মাংস।
 
ডেইলি মেইল জানায়, গৌতম বুদ্ধ নগর পুলিশ যে রিপোর্ট প্রস্তুত করেন তাতে বলা হয়েছে, আখলাক হোসেনের বাড়িতে সেদিন কোনই মাংস ছিল না। ওই রিপোর্টে বলা হয়েছে, আখলাক হোসেনের বাড়ি বিসাদা গ্রামে। সেই গ্রামের কাছে তিনমুখী একটি রাস্তার সংযোগস্থলে পাওয়া গিয়েছিল মাংসের সামান্য একটি নমুনা।
 
উল্লেখ্য, এর আগে যে মাংসের টুকরা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল তার সঙ্গে এটি মিলে যায়। ধারণা করা হচ্ছে, এটি খাসীর মাংস হতে পারে। পরে তা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়। সেখান থেকে বলা হয়, ওই মাংস হতে পারে গরুর বা সমগোত্রের।
 
এদিকে আখলাকের পরিবারের পক্ষ থেকে নিয়োজিত আইনজীবী জানিয়েছেন, মাংসটি গরু বা খাসির কিনা, বিষয়টি এই মামলায় কোন গুরুত্ব বহন করে না। এটি একটি হত্যা মামলা এবং আখলাককে যারা হত্যা করেছে তাদের শাস্তি পেতে হবে।