শিবগঞ্জে মুক্তিযোদ্ধার বসতবাড়ি জবর-দখলে সন্ত্রাসীদের হামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামের মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামের বসতবাড়িতে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও জমি জবর-দখলের অভিযোগ উঠেছে।
 
এ অভিযোগে মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।
 
অভিযোগে বলা হয়েছে, ৪০ বছর ধরে এ গ্রামে মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তাকে নিজ জমি থেকে উৎখাতের জন্য কয়েকজন সন্ত্রাসী বিভিন্নভাবে ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি ধামকি দিয়ে আসছিল।
 
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা সফিকুল ইসলামের বাড়িতে পার্শ্ববর্তী খাইরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে সাত-আটজন সন্ত্রাসী হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা তাকে বসতভিটা থেকে উচ্ছেদসহ তাকে হত্যার হুমকি দেয়। তাই তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে অভিযোগ করা হয়।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।