রাজধানীর শ্যামপুরে ব্যবসায়ী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আমীর হোসেন ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। রায়ে পলাতক আসামি মোহম্মদ জসীম ও কামাল হোসেনের মৃত্যুদণ্ড বহাল রাখে আদালত।
২০১০ সালের ২৮ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়। মামলার এজাহারে বলা হয়, ২০০৮ সালের ১৩ আগস্ট তমা হোটেল সুইট ফাস্টফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টের মালিক ফরিদউদ্দিন সরকারকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী সুরাইয়া খানম শ্যামনপুর থানায় মামলা করে। ঐ মামলায় ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে বিচারিক আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ছাড়া বাকি চারজনকে বেকসুর খালাস দেয়। মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে আসে।
রাষ্ট্রপক্ষে সরকারি অ্যাটর্নি জেনারেল মোহম্মদ শহীদুল ইসলাম শুনানি করেন। শুনানিশেষে হাইকোর্ট আজ এই আদেশ দেয়।