ফুটবল মাঠে ক্রিকেট ও বলিউড তারকারা

ভারত মানেই ক্রিকেট ও বলিউড। এই দুই অঙ্গনের তারকারাই দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এই দুই অঙ্গনের তারকারা একসঙ্গে মিললে কি হয় তার বড় প্রমাণ আইপিএল।
 
এবার আরেকটি আসরে যুক্ত হতে যাচ্ছেন দেশটির রুপালি পর্দার তারকা এবং ক্রিকেট তারকারা। তবে এবার তারা একত্রিত হচ্ছেন ফুটবল ম্যাচ ‘মানবতার জন্য খেলা’ শিরোনামে দুই দলে ভাগ হয়ে খেলবেন অভিষেক বচ্চন, রনবীর কাপুর আর বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা।
 
একটি প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবেন ভারতের জনপ্রিয় তারকারা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন টেস্ট দলপতি বিরাট কোহলি। আর অভিনেতাদের নিয়ে সাজানো দলটিতে অভিষেক বচ্চন নেতৃত্ব দিতে পারেন।
 
শনিবার ‘সেলিব্রেটি ক্লাসিকো ২০১৬’ এর ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ফুটবল অ্যারেনা, আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে।  তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ম্যাচটি খেলবেন তারা। আর এই ম্যাচ থেকে উপার্জিত সমস্ত অর্থ চলে যাবে বিরাট কোহলির দাবত্য প্রতিষ্ঠানে।

এর আগেও মুখোমুখি হয়েছিলো এই দুই দল। সেই ম্যাচের দৃশ্য
কোহলির নেতৃত্বে খেলবে ‘অল হার্ট ফুটবল ক্লাব’ আর অভিনেতাদের নিয়ে সাজানো অভিষেক বচ্চনের দলটির নাম রাখা হয়েছে ‘অল স্টার ফুটবল ক্লাব’।

আগের ম্যাচে দেখা যায় ফুটবলেও ভালো পারদর্শী ধোনি
ধোনি-কোহলির সঙ্গে একই দলে খেলবেন জহির খান, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেট তারকারা। আর অভিষেকের দলে থাকছেন রনবীর কাপুর, অর্জুন কাপুরসহ বেশ কয়েকজন অভিনেতা।