গাজীপুরে বাসচাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুরে বাসচাপায় মালেকা আক্তার (১৮)  নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুরে জিরানী এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  মালেকা আক্তার স্থানীয় রেডিয়াল গার্মেন্টে কাজ করতেন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার শিবরামপুর এলাকার আব্দুর রহমানের মেয়ে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ সহকর্মী ও এলাকাবাসী চারটি বাসে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে গাড়ি চলাচল শুরু হয়।
 
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হারুন আর রশিদ বলেন, দুপুরের খাবারের বিরতির পর কারখানা থেকে বের হয়ে জিরানী সড়কের পাশে ওয়েলকাম পরিবহনের কাউন্টারের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন মালেকা। এ সময় ওয়েলকাম পরিবহনের একটি বাস পেছনে সরতে গিয়ে মালেকাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহকর্মী ও এলাকাবাসী ওয়েলকাম পরিবহনের চারটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং আরও ১০-১২টি গাড়ি ভাঙচুর করে।