লোহাগড়ায় নির্বাচনী সংঘর্ষে নিহত ১

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তেলকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া, কালিয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) খান জাহাঙ্গীর আলম ও তার সমর্থকরা তেলকাড়া গ্রামে ভোট চাইতে গেলে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) বিএম হিমায়েত হোসেন হিমুর  সমর্থকরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে  জাহাঙ্গীর আলমকে মারপিট করা হয়।  দুপক্ষের মধ্যে বোমা বর্ষণ, গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দিঘলিয়া ইউপির দিঘলিয়া পূর্বপাড় গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে নিশান মুন্সী (২০) গুলিবিদ্ধ হন। দ্রুত কালিয়া হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।