দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, স্বাস্থ্য, শিক্ষাসহ যারা আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুট করেছেন, জনগণের অর্থ চুরি করেছেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এ তিনটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ তিনটি সেক্টরের দুর্নীতি জিরো টলারেন্সে আনা হবে। প্রতিষ্ঠানগুলোর দুর্নীতিমুক্ত করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা ও বরিশাল বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, জনগণের ব্যাংকে গচ্ছিত হাজার কোটি টাকা জামানত ছাড়া নিয়ে গেছে, এটা কেমন কথা। আমরা চেষ্টা করছি আর্থিক প্রতিষ্ঠানের এই দুর্নীতি ধরার। আর এসব দুর্নীতি ধরতে সিস্টেম তৈরি করতে হবে। এ জন্য কাজ চলছে।
তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নিয়ে অভিযোগকারীকে জানানো হবে। সমাজের দুর্নীতি একদিনেই শেষ করা সম্ভব নয়। দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের চাহিদা অনেক বেশি। চাহিদার সাথে সামঞ্জস্য করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ড. মোহাম্মদ শামসুল আলম, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো. ফায়েক উজ জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।