কাশিয়ানীতে মধুমতি নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবারের ঘর-বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। তীব্র স্রোত ও ঢেউয়ে নদীর পাড় ভেঙে ইতোমধ্যেই অনেক ঘর-বাড়ি, গাছপালা, জায়গা-জমি, রাস্তা-ঘাট, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনও ভাঙনের মুখে পড়ে চরম উদ্বেগ-উত্কণ্ঠায় দিন কাটাচ্ছে অনেক পরিবার।
পরানপুর গ্রামের মিজানুর রহমান মুন্সী কান্নাজড়িত কণ্ঠে বলেন, মধুমতি নদীর ভাঙনে আমরা ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হলেও দেখার কেউ নেই। একই গ্রামের জাহিদ মুন্সী বলেন, প্রতি বছর আমরা ভয়াবহ নদী ভাঙনের শিকার হই, কিন্তু এই এলাকাটি গোপালগঞ্জ ও নড়াইল জেলার সীমান্তবর্তী হওয়ায় কেউ কোনো ব্যবস্থা নেয় না। মধুমতি নদীর প্রবল স্রোতে ভিটে-বাড়িসহ শত শত একর ফসলি জমি নদীতে গ্রাস করে নিচ্ছে। এমনকি গরু-ছাগল ও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মানুষ।