চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজন খুন

চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। নিহতরা হলেন, সেলুনের কর্মচারী মো. মোমিন (২৫) ও সহকারী হোটেল ম্যানেজার মোহাম্মদ রফিক (৫৫)।
 
প্রথম ঘটনা
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দরনগরীর আলকরণ নামক এলাকায় জসিম নামে এক যুবক ‘জনি হেয়ার কাটিং’ সেলুনে চুল কাটান। এরপর টাকা নিয়ে সেলুন কর্মচারী মোমিমের সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। পরে রাত ১২টার দিকে রাজু নামের এক বন্ধুকে নিয়ে আবার ওই সেলুনে যান জসিম। রাজু তখন মোমিনকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন। এক পর্যায়ে মোমিন ক্ষিপ্ত হয়ে রাজুকে ঘুষি মরেন। এর জের ধরে রাজু সেলুনের ক্ষুর নিয়ে মোমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। মধ্যরাতের পর মোমিনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই জসিমকে গ্রেফতার করেছে পুলিশ। তবে রাজু পলাতক।
 
দ্বিতীয় ঘটনা
চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের ‘হোটেল আল ফয়েজের’ সহকারী ম্যানেজার মোহাম্মদ রফিক (৫৫) হোটেলের একটি কক্ষে খুন হয়েছেন। এ সময় আনোয়ার (২০) নামে আরেক কর্মচারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
কোতোয়ালি থানার এস আই মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল পর্যন্ত দুটি ঘটনায় কোনো মামলা হয়নি।