মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে তার প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা।
পরে প্রেস ক্লাব প্রাঙ্গণেই প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী।
গণমাধ্যমের ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ, আলতামাস কবির, সালেহ চৌধুরী, হাসান শাহরিয়ার, গোলাম তাহাবুর, মাহফুজউল্লাহ, মনিরুজ্জামান, কাশেম হুমায়ুন, সৈয়দ আবদাল আহমেদ, ইশতিয়াক রেজা, রেজওয়ানুল হক রাজা, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ অনেকে।
জানাজা শেষে অর্থমন্ত্রী প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান।
এর পর ফাহিম মুনয়েমের মরদেহ বনানীতে মাছরাঙ্গা কার্যালয় ও পরে গুলশানের নিজের বাসায় নিয়ে যাওয়া হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। জুমআর পর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের বাসায় বুধবার ভোরে ৬২ বছর বয়সী ফাহিম মুনয়েমের মৃত্যু হয়। স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন ফাহিম মুনয়েম।
১৯৫৩ সালে ঢাকায় জন্ম নেন ফাহিম। ১৯৮২ সালে দৈনিক সংবাদে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার পেশাজীবন শুরু। এরপর মর্নিং সান ও ইউএনবিতে কাজ করেছেন তিনি, ছিলেন ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বেও।