রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে যন্ত্রটি যুগ ধরে বন্ধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেটর না থাকায় একমাত্র এক্সরে যন্ত্রটি একযুগের বেশি সময় ধরে অলস পড়ে রয়েছে। এতে রোগীরা স্বল্পমূল্যে এ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। অপারেটর নিয়োগের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার জানালেও দীর্ঘ ১২ বছরেও এর কোনো সুরাহা হয়নি।
 
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কমপ্লেক্সের একমাত্র এক্সরে যন্ত্রটির অপারেটর গত ২০০৪ সালে বদলি হন। এরপর পুনরায় অপারেটর নিয়োগের কোনো উদ্যোগ নেয়াই হয়নি।
 
প্রতিদিন কমপ্লেক্সের বহির্বিভাগে সেবা নিতে প্রায় তিন শ থেকে চার শ রোগী আসে। তাদের মধ্যে ৩০ থেকে ৪০ জন রোগীকে এক্সরে করার প্রয়োজন হয়। কমপ্লেক্সে এক্সরে করতে খরচ হয় ৫৫ থেকে ৭০ টাকা। আর বেসরকারি হাসপাতালে (ডায়াগনস্টিক সেন্টার) খরচ হয় ২৫০ থেকে ৩০০ টাকা।
 
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘অপারেটরের নিয়োগের বিষয়টি একাধিকবার লিখিতভাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারে জানানো হয়েছে। কবে নাগাদ এ পদে অপারেটর নিয়োগ করা হবে তা বলা মুশকিল।’