রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিতে ভটভটির চালকসহ ১০ যাত্রী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কদমশহর রেলগেটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভটভটি চালক সাইফুল (৫০), চেন বানু (৫০), তার নাতি লোহান (৩), মিনারুল (১০), আছিয়া (২৫), তার মেয়ে ফাতেমা (৯), মিনারুল (৬), আদুরী (২৫), আঁখি (৮) ও ইসরাফিল (১০)। আহতরা একে অপরের নিকটাত্মীয়। তাদের বাড়ি উপজেলার আইহাই রাহি এলাকায়।
আহত চেন বানু জানান, পরিবারের সবাই ভটভটিতে করে কদমশহরে তার বোন মাবিয়ার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। কদমশহর রেললাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেনের সঙ্গে টেম্পুটির ধাক্কা লাগে। এতে টেম্পুতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান।
স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।