রাজশাহীর পবা’র হড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সময় হাতেনাতে ধরা পড়েছেন এক জামায়াত নেতা। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে ধরা হয়। আটক হওয়া জামায়াত নেতার নাম দেলোয়ার হোসাইন (৪৫)। দেলোয়ার পবার গোবিন্দপুর এলাকার আবদুস সোবহানের ছেলে। তিনি কাশিয়াডাঙা উচ্চ বালিকা বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক।
স্থানীয়রা জানান, পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জামায়াতের আমির দেলোয়ার হোসেন আজ দুপুরে ছোট পুকুরিয়া গ্রামের আবদুল বাক্কার ও আলতাফ হোসেনসহ আরো কয়েকজনের বাড়িতে যান। এ সময় তিনি জামায়াত সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদের অটোরিকসা প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটপ্রতি ২০০ টাকা করে দিচ্ছিলেন। স্থানীয়রা তাকে নগদ ১০ হাজার ৪০০ টাকা ও কিছু লিফলেটসহ আটক করে রাখেন। এরপর পুলিশে খবর দেয়া হলে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান জানান, নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে দেলোয়ার হোসাইনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর তার কাছে থাকা নগদ টাকা, জামায়াত প্রার্থীর লিফলেট ও জামায়াতের দলীয় একটি মোটরসাইকেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।