বার্সেলোনাকে এক আবেগঘন বিদায় জানালেন দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানি আলভেজ। নিজের ইনস্টাগ্রামে আবেগময় এক বিবৃতিতে ক্যাম্প ন্যুয়ের সবাইকে ধন্যবাদ জানান তারকা।
তিনি বলেন, ‘এক মাসের মধ্যে আমার বার্সেলোনায় আসার আট বছর পূর্ণ হবে। ২০০৮ সালের জুলাইয়ে আমি এই ক্লাবে প্রথমবারের মতো আসি এবং ড্রেসিংরুমে জায়গা করে নেই, যেখানে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি।’
তিনি আরো বলেন, ‘প্রথম দিন থেকে, পেপ গুয়ার্দিওলার অধীনে প্রথম অনুশীলন সেশন থেকে এই মৌসুমের শেষ পর্যন্ত মনেপ্রাণে ফুটবল উপভোগ করার ভাগ্য হয়েছে আমার। বিশ্বের সবচেয়ে অসাধারণ স্টেডিয়াম কাম্প নউতে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়া মুহূতর্গুলোর ডজন ডজন, শতশত ছবি আমার মনের মধ্যে আছে।’
বর্তমানে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে যুক্তরাষ্ট্রে থাকা ৩৩ বছর বয়সী আলভেসকে জুভেন্টাসে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে বলে খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
সেভিয়া থেকে ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা ও চারটি কোপা দেল রেসহ মোট ২৩টি শিরোপা জেতেন আলভেজ।