সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে, এটা অন্যায়। তার বিরুদ্ধে এখনো অভিযোগপত্র দেয়া হয়নি। তিনি বলেন, এভাবে বিনা বিচারে আটকে রাখা আইনের শাসনের পরিপন্থী। জামিন পাওয়া তার অধিকার।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের চার বছর পূর্তিতে মান্নার মুক্তি দাবি করে এক আলোচনা সভায় ব্যারিস্টার মইনুল হোসেন এসব বলেন। সরকারের উদ্দেশে মইনুল বলেন, হয় মান্নার বিচারকাজ শেষ করুন, নয়তো তাকে জামিন দিন।
নাগরিক ঐক্যের চার বছর পূর্তিতে মান্নার মুক্তি দাবি করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনরা অংশ নেন।
সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, মান্নার সঙ্গে যা হচ্ছে, তা মৌলিক অধিকারের পরিপন্থী। সাংবাদিক, বিরোধী দলের নেতা–কর্মীদের বিরুদ্ধেও এমন করা হচ্ছে। ন্যায়বিচারের দাবিতে মানুষকে সোচ্চার করতে হবে। এসময় বিএনপির নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মান্নার উদ্যোগ থাকা সত্ত্বেও নানা কারণে ঐক্য গড়ে তোলা যায়নি। এই ঐক্য প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু হেফাজতের কর্মসূচি চলাকালে কেউ কেউ তাদের পানি খাওয়াতে যাওয়ার কারণে সেটা ভেস্তে যায়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এ এস এম আকরাম।