ব্রাজিল দলে নেই অধিনায়ক নেইমার। চোটের কারণে দলে থাকছেন না কাকা সহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন লুইস গুস্তাভ। সব মিলিয়ে খুব একটা ভাল অবস্থায় নেই দুঙ্গার দল। আর নখদন্তহীণ এমনই এক ব্রাজিল দলের মুখোমুখি হতে যাচ্ছে ইকুয়েডর। যুক্তরাষ্ট্রের প্যাস্যাডিনায় ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায়।
বার্সেলোনা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মধ্যে সমঝোতা অনুযায়ী কোপা আমেরিকাতে খেলছেন না নেইমার। ব্রাজিল অধিনায়ক খেলবেন নিজের দেশে রিও দে জেনেইরো অলিম্পিকে।
চূড়ান্ত দল দেয়ার কিছু দিন পরই চোটের কাছে দুঙ্গা তার সেরা মিডফিল্ডার ডগলাস কস্তাকে হারায়। বায়ার্ন মিউনিখের এই তারকার জায়গায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকে নেন। চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন কাকাও।
একই কারণে কোপা আমেরিকার অভিযান শুরুর আগেই দলের বাইরে চলে যান ফরোয়ার্ড রিকার্দো অলিভেইরা, মিডফিল্ডার রাফিনিয়া আর গোলরক্ষক এদেরসন। ব্যক্তিগত কারণে সবশেষ কোপা আমেরিকার দল থেকে সরে দাঁড়ান মিডফিল্ডার লুইস গুস্তাভো।
ছিটকে পড়া খেলোয়াড়দের জায়গা পূরণ করতে দুঙ্গা অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয় ঘটান। কাকার জায়গায় তিনি নেন ২০১১ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে সবকটি ম্যাচ খেলা সাও পাওলোর মিডফিল্ডার পাওলো হেনরিক গানসোকে। আর গুস্তাভোর বদলে আসেন ব্রাজিলের হয়ে এখনও কোনো ম্যাচ না খেলা গ্রেমিওর মিডফিল্ডার ওয়ালাসে।
অলিভেইরার জায়গায় ব্রাজিলের আক্রমণভাগে অভিজ্ঞ হাল্ক ও তরুণ গাব্রিয়েল বারবোসার সঙ্গে যোগ দেন বেনফিকার হয়ে ভালো একটি মৌসুম কাটানো জোনাস। আর মাঝমাঠে রাফিনিয়ার জায়গায় আসেন পিএসজির লুকাস মউরা।
এখন দেখার বিষয় কোপার ঠিক আগ মূহুর্তে দুঙ্গার এই পরিকল্পনা মাঠে কতটুকু কাজে লাগে।