বলিউডে এ পর্যন্ত মাত্র পাঁচটি ছবি করেছেন আলিয়া ভাট। কিন্তু এরই মধ্যে নিজেকে একটি ভাল অবস্থানে নিয়ে গেছেন তিনি। বর্তমানে তার অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবির প্রমোশনে কাজ করছেন আলিয়া।
অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবনের কারণে নানা সময় আলোচনায় এসেছেন আলিয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বেশি কিছুদিন ধরেই। তার জেরে এবার বিয়ের প্রশ্নের সম্মুখীন হয়েছেন আলিয়া। তবে আলিয়ার উত্তর, অস্কার পেলেই নাকি তিনি বিয়ের চিন্তা করবেন।
নিজের বিয়ে সম্পর্কে একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে বলেছেন, আমি তখনই বিয়ের কথা চিন্তা করব যখন মানুষের সামনে দাঁড়িয়ে অস্কার গ্রহণ করব। মেয়েদের কাছে বিয়ে যেমন গুরুত্বপূর্ণ, আমার কাছে অস্কার তেমনই গুরুত্বপূর্ণ।
আলিয়া অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে। ছবিতে আরো অভিনয় করেছেন শহিদ কাপুর, কারিনা কাপুর খান ও পাঞ্জাব গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ।