বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ায় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারি মহিউদ্দীন আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রফিকুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছেন। তিনি তেলিহারি এলাকার মঞ্জুর ছেলে।
কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা দ্রুত কেন্দ্রের ৪টি বুথের ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ কেন্দ্রে ভোটগ্রহণের মতো ব্যালট পেপার অবশিষ্ট না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬ জন।